পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুটি ফেরি বাড়ানো হয়েছে
এই ফেরি দুটি আজ বুধবার থেকে চলাচল শুরু করবে
এ নিয়ে এই পথে ফেরির সংখ্যা হবে ১১টি
গতকাল মঙ্গলবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ফেরির সংখ্যা বাড়ানোর ঘোষণা দেন
নৌপরিবহনমন্ত্রী বলেন পূর্বসিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাকের ফেরি পারাপার বন্ধ থাকবে
তবে অতি প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক পার হতে পারবে
বিকেল সাড়ে চারটার দিকে নৌমন্ত্রী মাওয়া ঘাট পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন বর্তমান সরকার চাঁদাবাজি বন্ধে বদ্ধপরিকর
চাঁদাবাজদের যেকোনো মূল্যে রুখতে হবে
চাঁদাবাজ যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না
মন্ত্রী বলেন মাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ড্রেজিং খনন করা হবে
মন্ত্রী গতকাল সকালে প্রথমে পাটুরিয়া ফেরিঘাটে যান
এ সময় তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা বিআইডব্লিউটিসি ও স্থানীয় প্রশাসনকে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার ও যানবাহন পারাপার স্বাভাবিক রাখার নির্দেশ দেন
এ ছাড়া লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা না হয় তা নিশ্চিত করতে বলেন
নৌপরিবহনমন্ত্রী পরে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে যান
এ সময় তিনি সাংবাদিকদের বলেন ঘাটে দালালদের দৌরাত্ম্য ছিনতাই চাঁদাবাজি দূর করতে স্থানীয় শ্রমিক সংগঠন ও প্রশাসনের সহযোগিতায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে
এর পরও ঘাটে চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া গেলে তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়
এ ছাড়া ফেরিতে জুয়া খেলা বন্ধে গতকাল থেকে হকারদের ফেরিতে ওঠা বন্ধ করার নির্দেশ দেন মন্ত্রী
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ ও গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি]
প্রধানমন্ত্রীর জন্য সড়কটি কিছুটা হলেও সংস্কার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চটগ্রাম আসছেন
এ সময় তিনি কর্ণফুলী তৃতীয় সেতু পটিয়া শিকলবাহা ১৫০ মেগাওয়াট নতুন বিদ্যুেকন্দ্রসহ চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন
বিদ্যুেকন্দ্র উদ্বোধন শেষে তিনি ১২ কিলোমিটার সড়কপথে পটিয়া-শিকলবাহা-কোলাগাঁও-শান্তিরহাট আরাকান সড়ক দিয়ে মইজ্যার টেকসংলগ্ন কর্ণফুলী সিডিএ আবাসিক এলাকায় আওয়ামী লীগের জনসভায় যাবেন
এ কারণে শিকলবাহা থেকে পটিয়া শান্তিরহাট পর্যন্ত অবহেলিত ছয় কিলোমিটার সড়ক সংস্কার করা হচ্ছে
পটিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু তালেব বলেন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জরুরি ভিত্তিতে পটিয়া শান্তিরহাট থেকে শিকলবাহা পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক অস্থায়ীভাবে মেরামত করা হচ্ছে
তবে এ জন্য কোনো বরাদ্দ পাওয়া  যায়নি
কাজ করে বিল দেওয়া হবে
স্থানীয় কোলাগাঁও ইউনিয়নের লালপুলের মুদি দোকানি আলী আকবর বলেন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কার করা হচ্ছে
এভাবে প্রধানমন্ত্রী বারবার এলে আমাদের এলাকা আর অবহেলিত থাকত না
যে সড়ক দিয়ে একটি রিকশা সিএনজিচালিত গাড়ি পর্যন্ত চলে না—প্রধানমন্ত্রী আসবেন বলে সেই সড়ক দিয়ে এখন গাড়ি চলবে
এতে কিছুদিন অন্তত সড়কটা ভালো থাকবে
সরেজমিনে দেখা গেছে পটিয়া শান্তিরহাট থেকে শিকলবাহা পর্যন্ত ছয় কিলোমিটার সড়কটি জরুরি ভিত্তিতে এক সপ্তাহ ধরে সংস্কার করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ
সড়কের বড় বড় গর্ত ভরাটের কাজে ব্যস্ত শ্রমিকেরা
অধিকাংশ বেসরকারি শিক্ষক বেতন-বোনাস পাননি
গতকাল মঙ্গলবার পর্যন্ত বেসরকারি মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অধিকাংশই বেতন-বোনাস পাননি
এ নিয়ে দেশের সবচেয়ে বড় এই পেশাজীবী গোষ্ঠী ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে
বিভিন্ন শিক্ষক সংগঠন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর বা সংশ্লিষ্ট ব্যাংকের যেসব কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির জন্য ঈদের আগে শিক্ষকেরা বেতন-বোনাস পাচ্ছেন না তাঁদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে
দেশের কোনো কোনো স্থানে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের কাছে ব্যাংক খোলা রেখে বেসরকারি শিক্ষকদের বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান
শিক্ষামন্ত্রী গতকাল শিক্ষার বিভিন্ন স্তরের কর্মকর্তা ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে আজকের মধ্যে সব শিক্ষকের হাতে টাকা পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নেন
সময়মতো ব্যাংকে চেক পাঠানোর পরও কেন এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখা এবং ভবিষ্যতে আরও বেশি সতর্ক হওয়ার কথা জানান তিনি
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় শিক্ষামন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে গভর্নর চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের গতকালই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন
বেতন-বোনাস দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের শাখা প্রয়োজনে আজ বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ও জনতা ব্যাংকের দুই ব্যবস্থাপনা পরিচালক টেলিফোনে প্রথম আলোকে জানিয়েছেন গতকালই তাঁরা নিজ ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোতে অ্যাডভাইস না পেলেও শিক্ষকদের বেতন-বোনাসের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন
তাঁরা আশা করেছেন কোনো শিক্ষকই আজ ব্যাংক থেকে বেতন-বোনাস ছাড়া খালি হাতে ফিরবেন না
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে বলেন তিনি গতকাল দিনভর শিক্ষার বিভাগীয় জেলা ও আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করে স্থানীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ ও শিক্ষকদের সহযোগিতার পরামর্শ দিয়েছেন
এ ছাড়া শিক্ষকদের স্থানীয় সমিতিগুলোর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে
আজকের মধ্যে সব শিক্ষক বেতন-বোনাস পাবেন বলে তিনি আশা করেন
জানা যায় শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক গত ২৬ আগস্ট ও বোনাসের চেক ২৯ আগস্ট সোনালী অগ্রণী জনতা ও রূপালী ব্যাংকে জমা দেওয়া হয়
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একাধিক সূত্র জানায় বেতন ও বোনাসের চেক দেওয়া হলেও এগুলো একই তারিখে দেওয়া হয়নি
যেমন কোনো চেক ভাঙানোর তারিখ ছিল ৫ সেপ্টেম্বর
এটা ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়
৭ সেপ্টেম্বর ব্যাংক বন্ধ থাকায় বিষয়টি নিয়ে ঝামেলা তৈরি হয়
তবে ৫ সেপ্টেম্বরের আগে যেসব চেকের তারিখ ছিল সেগুলোর টাকা শিক্ষকদের হিসাবে পৌঁছে গেছে
সূত্র জানায় প্রতি মাসের মতো একই সময়ে শিক্ষকদের বেতনের টাকা শিক্ষা অধিদপ্তর থেকে ব্যাংকে পাঠানো হয়
তবে ঈদ সামনে থাকায় স্বাভাবিক সময়ের মধ্যে সাড়ে পাঁচ লাখ শিক্ষকের টাকা সারা দেশে ব্যাংকগুলোর শাখায় পৌঁছায়নি
ব্যাংকের কয়েকটি শাখায় খোঁজ নিয়ে জানা যায় শিক্ষকদের সব হিসাবেই টাকা জমা হয়েছে
কিন্তু মফস্বলের বিভিন্ন শাখায় নগদ টাকার অভাব থাকায় গতকাল পর্যন্ত অনেক শিক্ষকের হিসাবে টাকা থাকলেও তাঁরা তা তুলতে পারেননি
এ ছাড়া ঈদ সামনে থাকায় ব্যাংকগুলোতে টাকা তোলা হচ্ছে বেশি জমা হচ্ছে খুবই কম
এর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনবল-সংকট এবং অদক্ষতার বিষয়টিও উল্লেখযোগ্য
জানা যায় অগ্রণী ব্যাংকের ঢাকা অঞ্চল থেকে ফরিদপুর জেলার জন্য চার কোটি টাকা চাওয়া হয়েছিল
বাংলাদেশ ব্যাংকের শাখা না থাকায় নিয়ম অনুযায়ী সোনালী ব্যাংকের এই টাকা দেওয়ার কথা
কিন্তু সোনালী ব্যাংক নগদ এক কোটি টাকা দিতে পেরেছে
ফলে বাকি তিন কোটি টাকা শিক্ষকদের হিসাবে জমা হলেও তাঁরা তা তুলতে পারেননি
অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন কিছু শাখায় তারল্য সংকট থাকতে পারে
এ ছাড়া কোনো কোনো শাখায় এত টাকা তোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অভাবও হয়তো আছে
তিনি আরও বলেন শিক্ষা বিভাগ থেকে চেক আসার পর আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে তা শিক্ষকের হিসাব থেকে তোলা পর্যন্ত পাঁচ থেকে সাত দিন সময় প্রয়োজন
ঈদের সময় বিবেচনায় আরেকটু আগে চেক পাওয়া গেলে পুরো কাজ সুষ্ঠুভাবে শেষ হতো
তার পরও আজ বুধবারের মধ্যে সব শিক্ষককে টাকা দেওয়ার সাধ্যমতো চেষ্টা চলছে
জনতা ব্যাংকের দায়িত্ব ছিল চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সব শিক্ষকের হিসাবে টাকা পৌঁছে দেওয়া
এ প্রসঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান প্রথম আলোকে বলেন আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সীমাবদ্ধতা ছিল
তবে আজকের মধ্যে যেকোনো উপায়ে সব শিক্ষককে টাকা দিতে সংশ্লিষ্ট শাখাগুলোকে টেলিফোনে নির্দেশনা দেওয়া হয়েছে
তিনি আরও বলেন আজকের মধ্যে সব শিক্ষকই টাকা তুলতে পারবেন এ জন্য ব্যাংক খোলা রাখার সময় প্রয়োজনে বাড়ানো হবে
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী মো সেলিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন ঈদের আগে এ ধরনের পরিস্থিতি খুবই দুঃখজনক
অনেক শিক্ষক তাঁর বেতনের চেক মহাজনের কাছে কমিশনে বিক্রি করেছেন
ঢাকা শহরের অনেক শিক্ষক বেতন না নিয়েই অথবা বেতনের চেক বিক্রি করে গ্রামে গেছেন
তিনি এ ঘটনার সঙ্গে যার গাফিলতি থাকুক চিহ্নিত করে শাস্তি দাবি করেন
সরকারি প্রাথমিক শিক্ষকদেরও কেউ কেউ বেতন পাননি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস নিয়ে এর আগে ঝামেলা হলেও সরকারি প্রাথমিক শিক্ষকদের বেলায় এমন ঘটনার নজির খুব একটা নেই
কিন্তু এবার বেশ কিছু সরকারি প্রাথমিক শিক্ষক বেতন পাননি
বিশেষ করে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে এলপিআর থাকা শিক্ষকদের অনেকে এই দুর্ভোগে পড়েছেন
জানা যায় সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কেরানিদের অধিকাংশ বদলি হয়েছেন
এ ছাড়া শিক্ষা কার্যালয়ের একশ্রেণীর কর্মকর্তার গাফিলতির কারণে বেশ কিছু শিক্ষক বেতন-বোনাস পাননি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বেতন না পাওয়ার কথা জানিয়েছেন
তবে প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবু আলম মো শহীদ খান প্রথম আলোকে বলেন শুধু ভোলার তজুমদ্দিন উপজেলায় শিক্ষা কর্মকর্তা না থাকায় কিছুটা সমস্যা হয়েছে
এ ছাড়া উন্নয়ন প্রকল্পের কিছু শিক্ষকের তহবিল ছাড়ের বিষয়ে একটু ঝামেলা ছিল
এসব সমস্যা ইতিমধ্যে দূর হয়েছে
দেশের আর কোথাও প্রাথমিক শিক্ষকদের বেতন-বোনাস না পাওয়ার কোনো কারণ নেই
তার পরও তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান
মুক্তিপ্রাপ্ত ১৪ জনকে বরণ করে প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি ক্ষমা করে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন
খুনের মামলায় ফাঁসির দণ্ড থেকে মুক্তি পাওয়া ২০ জনের মধ্যে ১৪ জন ঢাকা ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে গতকাল মঙ্গলবার নাটোরে নিজ বাড়িতে পৌঁছেছেন
বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং আওয়ামী লীগের স্থানীয় নেতারা স্থানীয় সার্কিট হাউসে তাঁদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন
এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়
রাষ্ট্রপতি জিল্লুর রহমান ফাঁসির দণ্ড মওকুফ করায় নাটোরের গামা হত্যা মামলার ১০ আসামি সোমবার রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান
গতকাল দুপুরে তাঁরা নাটোরে এসে পৌঁছান
আর রাজশাহী কারাগার থেকে গতকাল সকালে চার আসামিকে ছেড়ে দেওয়া হয়
তাঁরাও বিকেলে নাটোর সার্কিট হাউসে উপস্থিত হন
তাঁদের বরণ করতে গিয়ে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন
আহাদ আলী সরকার কারামুক্ত ব্যক্তিদের উদ্দেশে বলেন তৎকালীন জোট সরকারের জুলুমবাজ নেতা-কর্মীরা আপনাদের ওপর যে নির্যাতন চালিয়েছিল তা ভাষায় প্রকাশ করা যায় না
মিথ্যা মামলা দিয়ে আপনাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করেছে
জননেত্রী শেখ হাসিনা ও মহামান্য রাষ্ট্রপতি আপনাদের দণ্ড মওকুফ করে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন
